কোচবিহারের তুফানগঞ্জে ভোটের ডিউটিতে এসে অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় বাহিনীর একাধিক জওয়ান। খাবারে বিষক্রিয়ার সন্দেহে মোট ২৪ জন জওয়ান অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
জানা গেছে, তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের একটি স্কুলে দায়িত্বে থাকা জওয়ানরা বুধবার নিজেরাই রান্না করে খাবার গ্রহণ করেছিলেন। অভিযোগ, খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই ২৪ জন জওয়ান অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে ১৪ জনকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও এখনও তিন জন চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। জওয়ানদের থাকার ব্যবস্থা, রান্নার পরিবেশ, খাবারের মান এবং অসুস্থতার কারণ নিয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে জেলা প্রশাসনের কাছে। চিকিৎসকদের রিপোর্টের ভিত্তিতেই জানা যাবে খাবারে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে কি না।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে পৃথক এক দুর্ঘটনায় বিএসএফ-এর এক জওয়ানের মৃত্যু হয়েছে। জানা যায়, ক্যাম্পে জ্বালানি তেল মজুত থাকা একটি ঘরে আগুন লাগে। শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা করা হচ্ছে। আগুনের মধ্যে আটকে পড়ে গুরুতর দগ্ধ হন এক জওয়ান, পরে তাঁর মৃত্যু হয়। দমকলের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
