আর জি কর কাণ্ড নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন নির্যাতিতা ‘অভয়া’র মা। নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে তিনি দাবি করেন, সঞ্জয় রায় প্রকৃত অপরাধী কিনা, তা এখনও নিশ্চিত হয়নি এবং এই মামলায় আরও অনেকের জেলে থাকার কথা ছিল বলেও প্রশ্ন তোলেন তিনি।
এদিন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ-এর সমর্থনে প্রচারসভায় উপস্থিত হয়ে একাধিক প্রশ্ন তোলেন অভয়ার মা। নাম না করেই তিনি শাসকদলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেও কড়া আক্রমণ করেন।
‘তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ’
অভয়ার মা অভিযোগ করে বলেন, তাঁর মেয়ের মৃত্যুর পর তথ্যপ্রমাণ লোপাট হয়েছে। তিনি বলেন,
“আমি যেটুকু দেখেছি, ওই অপরাজিতা বিলটা ইনভ্যালিড। কারণ সেখানে তথ্যপ্রমাণ লোপাটের কোনও উল্লেখ নেই। আমার মেয়ের মৃত্যুর পরে যে তথ্যপ্রমাণ লোপাট হয়েছে, তার কোনও অংশ ওই বিলে দেখিনি।”
তিনি আরও বলেন, “মৃত্যুটা হল কেন, সেটাই আমার প্রথম প্রশ্ন। হাসপাতালের মতো সুরক্ষিত জায়গায়, যেটা আমার মেয়ের দ্বিতীয় বাড়ি ছিল, সেখানে এমন মৃত্যু হল কেন—তার উত্তর আগে দিতে হবে।”
নাম না করে তোপ শাসক নেতৃত্বের দিকে
প্রচারের মঞ্চ থেকে অভয়ার মা নাম না করেই শাসকদলের শীর্ষ নেতৃত্বকে নিশানা করেন। তিনি বলেন,
“সবচেয়ে আগে ওনার পিসি তড়িঘড়ি তথ্যপ্রমাণ লোপাট করেছেন। বড় বড় অফিসারদের সেখানে পাঠানো হয়েছিল।”
তাঁর দাবি, এই ঘটনায় একাধিক উচ্চপদস্থ আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে এবং তদন্তে সব দিক খতিয়ে দেখা উচিত।
‘সঞ্জয় রায়ই একমাত্র অভিযুক্ত কিনা প্রশ্ন’
অভয়ার মা আরও বলেন,
“সঞ্জয় রায় প্রকৃত অপরাধী কিনা, সেটাও এখনও ঠিক হয়নি। যে তথ্যপ্রমাণের ভিত্তিতে সঞ্জয় রায়কে জেলে রাখা হয়েছে, সেই তথ্যপ্রমাণ অনুযায়ী আরও অনেকেই জেলে থাকতে পারত।”
এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। নির্বাচনের আবহে এই ধরনের মন্তব্যকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
নির্বাচনী আবহে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে আর জি কর কাণ্ড আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই বিষয় নিয়ে পরস্পরকে আক্রমণ করছেন, যার জেরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ছে বলে মনে করা হচ্ছে।


