বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যুবকদের উদ্দেশে বড় বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী Mamata Banerjee। সোনারপুরের স্পোর্টিং ইউনিয়ন ক্লাব মাঠের জনসভা থেকে ‘যুবসাথী’ প্রকল্প ও কর্মসংস্থান নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি।
সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য সরকার ইতিমধ্যেই যুবসাথী প্রকল্প চালু করেছে এবং ভবিষ্যতে যুবকদের কর্মসংস্থানের দায়িত্ব সরকার নেবে। তিনি বলেন, “আমরা যুবসাথী প্রকল্প চালু করেছি। ভোটের আগেই তা কার্যকর করেছি। ২৫ শতাংশ ডিএ দিয়েছি, বাজেটে ঘোষণামতো আরও ৪ শতাংশ ডিএ দেওয়া হবে। আগামী দিনে যুবসাথীদের কর্মসংস্থানের দায়িত্ব আমাদের।”
এরপর কর্মসংস্থান ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। তাঁর দাবি, রাজ্যে ইতিমধ্যেই প্রায় ২ কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী বছরে ২ কোটি চাকরি দেওয়ার কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি।
এদিন সভা থেকে তিনি মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গেও কেন্দ্রকে নিশানা করেন। সম্প্রতি লোকসভায় সংবিধান সংশোধনী বিল পাস না হওয়া নিয়ে বিজেপি ও কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, মহিলাদের সম্মান ও অধিকার রক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছে।
সভায় তিনি আরও দাবি করেন, রাজ্যের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা ক্ষেত্রেও একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। যুব সমাজকে আত্মনির্ভর করার লক্ষ্যে ভবিষ্যতে আরও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
ভোটের আবহে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাশাপাশি ‘যুবসাথী’ প্রকল্পকে সামনে রেখে প্রচারে জোর দিচ্ছে শাসক দল। রাজনৈতিক মহলের মতে, যুব ও মহিলা ভোটারদের লক্ষ্য করেই এই ধরনের বার্তা দেওয়া হচ্ছে।

