দেবাশিস কুমারের বাড়িতে ১১ ঘণ্টার বেশি আয়কর তল্লাশি, বাড়ির বাইরে তৃণমূলের বিক্ষোভ; মোতায়েন আরও কেন্দ্রীয় বাহিনী

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে আয়কর দফতরের তল্লাশি ঘিরে উত্তেজনা বাড়ছে। শুক্রবার ভোর থেকে শুরু হওয়া তল্লাশি অভিযান ১১ ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাঁর বাড়ির সামনে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

সূত্রের খবর, ভোর সাড়ে ৫টা নাগাদ আয়কর দফতরের একটি দল দক্ষিণ কলকাতার মনোহরপুকুর রোডে দেবাশিস কুমারের বাড়ি, ফ্ল্যাট, শ্বশুরবাড়ি এবং নির্বাচনী কার্যালয়-সহ একাধিক ঠিকানায় পৌঁছে যায়। এরপর সকাল হতে না হতেই তাঁর বাড়িতে তল্লাশি অভিযান শুরু হয়।

এদিকে এই ঘটনার প্রতিবাদে দেবাশিস কুমারের বাড়ির বাইরে তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভ শুরু হয়। অনেককে তাঁর মুখোশ পরে এবং ‘আমিও দেবাশিস কুমার’ লেখা প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভ করতে দেখা যায়। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় সংস্থার ভূমিকার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া এক মহিলা জানান, দেবাশিস কুমার তাঁদের এলাকার জনপ্রতিনিধি এবং মানুষের জন্য কাজ করেন। ভোটের ঠিক আগে কেন এই তল্লাশি চালানো হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, এটি মানসিক হেনস্থার সামিল এবং এর যথাযথ ব্যাখ্যা দেওয়া উচিত।

অন্যদিকে, আয়কর দফতরের এই তল্লাশি আর্থিক প্রতারণা সংক্রান্ত একটি মামলার তদন্তের অংশ বলেই জানা যাচ্ছে। দেবাশিস কুমার রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, পাশাপাশি তিনি মেয়র পারিষদ ও বিদায়ী বিধায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সকাল সাড়ে ৭টার পর তাঁর নির্বাচনী কার্যালয়ের তালা খুলে তল্লাশি শুরু করা হয়। পরে সেখান থেকে বেশ কিছু নথিপত্র ভর্তি ব্যাগ তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে সূত্রের খবর। তল্লাশি চলাকালীন দেবাশিস কুমার বাড়িতেই ছিলেন বলে জানা গেছে।

বিধানসভা ভোটের আগে একের পর এক কেন্দ্রীয় সংস্থার পদক্ষেপে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।

Leave a Comment

Trending Now